আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে ১১ মামলা ও একটি জিডির আসামি মিজানুর মালিথা ওরফে লিজুকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। আরেক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার জিসান আলীকে (২১) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ডামোস ও বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মিজানুর ডামোস গ্রামের মৃত হবিবার ওরফে হবি মালিথার ছেলে এবং জিসান বলিয়ারপুর জোয়ার্দ্দারপাড়ার জাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে ডামোস অটোমিলের সামনে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেফতার করা হয়। থানার রেকর্ডে দেখা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চুরি ও বিশেষ ক্ষমতা আইনে বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ১১টি মামলা ও একটি জিডি রয়েছে। গতকাল বুধবার তাকে আদালতে পাঠানো হয়। এর আগে রাত ১০টার দিকে বলিয়ারপুরের জোয়ার্দ্দারপাড়ার টাক মোড়ের বটগাছের নিচে অভিযান চালিয়ে জিসানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। বুধবার দুপুর ১২টার দিকে তাকে আদালতে হাজির করা হলে বিচারক ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এবং পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় অভিযান দুটি পরিচালিত হয়।


