আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌর উপস্বাস্থ্যকেন্দ্র চত্বরের দুটি কাঁঠালগাছের প্রায় সব পাতা কেটে বিক্রির অভিযোগ উঠেছে দুই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে গাছ দুটির পাতা কাটা হয়। পরে কাটা পাতাগুলো ভ্যানে করে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত দুই স্বাস্থ্যকর্মী হলেনÑ স্বাস্থ্য পরিদর্শক (ভিজিটর) মালা খাতুন এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) পারভিনা খাতুন।
সরেজমিনে দেখা যায় , উপস্বাস্থ্যকেন্দ্র চত্বরে থাকা কাঁঠালগাছ দুটির মাথা থেকে গোড়া পর্যন্ত প্রায় সব পাতা ছেঁটে ফেলা হয়েছে। এতে গাছ দুটি প্রায় পাতাশূন্য হয়ে পড়েছে। সরকারি প্রতিষ্ঠানের চত্বরে থাকা গাছের পাতা কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়েছিল কী-না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী জানান, তিনি থানার সামনের সুন্নতের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় পরিবার পরিকল্পনা অফিসের দিক থেকে কাঁঠালপাতাভর্তি একটি ভ্যান বের হতে দেখেন। ছাগলের খাবারের জন্য পাতা নিতে গিয়ে তিনি দেখতে পান, উপস্বাস্থ্যকেন্দ্রের দুটি গাছের প্রায় সব পাতা কেটে ভ্যানে তোলা হচ্ছে। পরে ভ্যানচালকের কাছে জানতে চাইলে তিনি পাতাগুলো বিক্রি করা হবে বলে জানান।
স্থানীয়দের দাবি, সরকারি প্রতিষ্ঠানের গাছের পাতা কাটার আগে যথাযথ অনুমতি নেয়া হয়েছিল কী-না এবং বিক্রি করা হয়ে থাকলে সেই অর্থ কোথায় জমা হয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মালা খাতুন ও পারভিনা খাতুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার বলেন, বুধবার আমি ঢাকায় ছিলাম। দুপুর ১২টার দিকে আমাদের সেখানে কর্মরত মেডিকেল অফিসার স্বপন বিষয়টি আমাকে জানান। পরে উপস্বাস্থ্যকেন্দ্রে কর্মরত পারভিনার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং তখন হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তী সময়ে জানতে পারি, স্বাস্থ্য পরিদর্শক মালা নিজের উদ্যোগে গাছগুলোর পাতা ছাঁটাই করেছেন। আগামীকাল অফিসে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করব। এ বিষয়ে আগে থেকে আমি কিছুই জানতাম না।


