হাটবোয়ালিয়া প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি অনুদানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। পড়াশোনায় ভালো ফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে এ উদ্যোগ নেয়া হয়। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত মোট ১৫ জনের হাতে এসব ব্যাগ তুলে দেয়া হয়। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাজিবুল হক রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল হক ঝন্টু, যুবদল নেতা মুকুল উজ্জামান মিলন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য তরিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলার গুরুত্ব রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ে। একইভাবে খেলাধুলার সুযোগ তৈরি হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।


