নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় নির্বাচন সামনে রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতাকর্মীদের নিয়ে কর্মশালা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সাংগঠনিক কার্যক্রম জোরদার, দায়িত্বশীলদের ভূমিকা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, স্থানীয় নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। এ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা, দায়িত্ববোধ ও জনসম্পৃক্ততা বাড়াতে হবে। মানুষের সমস্যা ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে জনগণের মতামত ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবার আচরণ হতে হবে দায়িত্বশীল ও সংযত। কোনো ধরনের উসকানি, সংঘাত কিংবা অনিয়ম যেন নির্বাচনী পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। সংসদ সদস্য বলেন, সংগঠনের প্রতিটি পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হলে কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেদের দায়িত্বশীলতা ও জনসম্পৃক্ততা তুলে ধরতে হবে।
তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রাফিজ মাস্টারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম এবং বেগমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম মাস্টার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা শফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি লিটন মিয়াসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


