দারিদ্র্য থেকে বেরিয়ে আসা, ক্ষুদ্র ব্যবসা দাঁড় করানো কিংবা সংসারের সংকট সামাল দিতে প্রান্তিক মানুষের জন্য ক্ষুদ্রঋণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি আর্থিক হাতিয়ার। কিন্তু সেই ঋণই যখন একাধিক প্রতিষ্ঠানের কিস্তির চাপে মানুষের জীবনে অসহনীয় দুশ্চিন্তা ও মানসিক বিপর্যয় ডেকে আনে, তখন বিষয়টি আর কেবল ব্যক্তিগত ঋণগ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি হয়ে ওঠে সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে ভাবার মতো একটি গুরুতর প্রশ্ন। দর্শনার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের জুতার ব্যবসায়ী সুবারেক আলীর মৃত্যুর ঘটনাটি সেই প্রশ্নই সামনে এনেছে। পরিবারের অভিযোগ, ব্যবসা ও সংসারের প্রয়োজন মেটাতে তিনি একাধিক এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। আয় অনুযায়ী কিস্তি পরিশোধ করতে না পারায় ক্রমেই বাড়ছিল চাপ। পরিবারের ভাষ্য অনুযায়ী, এক প্রতিষ্ঠানের কিস্তি পরিশোধ করতে না করতেই আরেক প্রতিষ্ঠানের কিস্তির সময় এসে যেত। শেষ পর্যন্ত তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শনিবার ভোররাতে বাড়ির পেছনের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তার মৃত্যুর ঘটনা ঘটেছে। সুবারেক আলীর আত্মহত্যার সঙ্গে ঋণের কিস্তির চাপ সরাসরি সম্পর্কিত ছিল এমন সিদ্ধান্তে এখনই পৌঁছানো ঠিক হবে না। কারণ আত্মহত্যার পেছনে নানা ধরনের ব্যক্তিগত, পারিবারিক ও মানসিক কারণ থাকতে পারে। তবে তার পরিবারের অভিযোগ এবং একাধিক প্রতিষ্ঠানের কাছে ঋণগ্রস্ত থাকার তথ্যকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। বরং এই ঘটনা ক্ষুদ্রঋণ ব্যবস্থার বাস্তব চিত্র নতুন করে পর্যালোচনার দাবি রাখে। ক্ষুদ্রঋণের মূল উদ্দেশ্য ছিল নিম্নআয়ের মানুষকে অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলা। একজন ক্ষুদ্র ব্যবসায়ী ঋণ নিয়ে ব্যবসা সম্প্রসারণ করবেন, একজন কৃষক উৎপাদন বাড়াবেন কিংবা একজন নিম্নআয়ের মানুষ আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হবেন এটাই প্রত্যাশিত। কিন্তু ঋণগ্রহীতার প্রকৃত আয়, বিদ্যমান ঋণ এবং পরিশোধক্ষমতা বিবেচনা না করে যদি একই ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিতে পারেন, তাহলে সেই ঋণ স্বাবলম্বিতার সিঁড়ি না হয়ে ঋণের দুষ্টচক্রে পরিণত হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, ভ্যান-অটোচালক ও দিনমজুরদের আয় অনেক সময় অনিয়মিত। কোনো মাসে আয় ভালো, কোনো মাসে প্রায় নেই। এমন মানুষের ওপর নির্দিষ্ট সময়ের কিস্তির চাপ দীর্ঘমেয়াদে বড় ধরনের আর্থিক ও মানসিক সংকট তৈরি করতে পারে। একটি ঋণ পরিশোধ করতে আরেকটি ঋণ নেয়ার প্রবণতা শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তখন ঋণগ্রহীতা ব্যবসা থেকে লাভ করার বদলে কেবল কিস্তি পরিশোধের জন্য অর্থ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন।
এখানেই সংশ্লিষ্ট সরকারি নিয়ন্ত্রক সংস্থা ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব সবচেয়ে বেশি। একজন মানুষের ঋণ নেয়ার সামর্থ্য কতটুকু, তার আগের কোনো ঋণ আছে কী-না, তার আয় ও সম্পদের সঙ্গে নতুন ঋণের পরিমাণ সামঞ্জস্যপূর্ণ কী-না এসব বিষয়ে কার্যকর নজরদারি প্রয়োজন। একই ব্যক্তির একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে অতিরিক্ত ঋণ নেয়ার সুযোগ থাকলে তার ঝুঁকি সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও দায়িত্ব নিতে হবে। কিস্তি আদায়ের ক্ষেত্রেও মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। সময়মতো কিস্তি দিতে না পারলেই ঋণগ্রহীতাকে অপমান, ভয়ভীতি বা অতিরিক্ত মানসিক চাপে ফেলার অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ, ব্যবসায়িক ক্ষতি, অসুস্থতা বা আকস্মিক আয়হানির মতো বাস্তব পরিস্থিতিতে ঋণ পুনঃতফসিল, সময় বাড়ানো কিংবা কিস্তি পুনর্বিন্যাসের কার্যকর ব্যবস্থা থাকা দরকার। সুবারেক আলীর মৃত্যুর ঘটনায় তার পরিবারের অভিযোগও যথাযথভাবে খতিয়ে দেখা প্রয়োজন। তিনি কোন কোন প্রতিষ্ঠানের কাছ থেকে কত টাকা ঋণ নিয়েছিলেন, তার মোট দায় কত ছিল, তার আয় ও ব্যবসার সক্ষমতার সঙ্গে ঋণের পরিমাণ সামঞ্জস্যপূর্ণ ছিল কী-না এবং কিস্তি আদায়ের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়েছিল কী-না এসব প্রশ্নের নিরপেক্ষ অনুসন্ধান হওয়া উচিত। তদন্তের ফল যা-ই হোক, তা থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা নেয়া জরুরি। একজন দরিদ্র বা নিম্নআয়ের মানুষকে ঋণ দেয়া সহজ; কিন্তু সেই ঋণ যাতে তার জীবনকে আরও কঠিন করে না তোলে, সেটি নিশ্চিত করাই আসল দায়িত্ব। ক্ষুদ্রঋণের সাফল্য কেবল কত টাকা বিতরণ হলো বা কত কিস্তি আদায় হলো তা দিয়ে মাপা উচিত নয়। বরং কতজন ঋণগ্রহীতা ঋণ নিয়ে আয় বাড়াতে পেরেছেন, স্বাবলম্বী হয়েছেন এবং ঋণের বোঝা থেকে মুক্ত হতে পেরেছেন সেটিই হওয়া উচিত সাফল্যের প্রকৃত মানদণ্ড। সুবারেক আলীর মৃত্যু তাই কেবল একটি পরিবারের শোকের ঘটনা নয়; এটি আমাদের ক্ষুদ্রঋণ ব্যবস্থার কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। ঋণ দরিদ্র মানুষের জন্য আশার দরজা খুলবে এটাই প্রত্যাশা। কোনোভাবেই সেই দরজা যেন ঋণের ফাঁদে পরিণত না হয়। মানুষের জীবিকা রক্ষার নামে দেয়া ঋণ যদি শেষ পর্যন্ত মানুষের জীবনেই অসহনীয় চাপ তৈরি করে, তবে সেই ব্যবস্থার কাঠামো, নজরদারি ও মানবিকতা সবকিছু নিয়েই নতুন করে ভাবতে হবে।


