সীমান্ত শুধু একটি দেশের ভৌগোলিক সীমানা নয়, এটি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আইনশৃঙ্খলার গুরুত্বপূর্ণ প্রাচীর। সেই সীমান্ত পেরিয়ে অবৈধভাবে মানুষের বাংলাদেশে প্রবেশের ঘটনা তাই কোনোভাবেই বিচ্ছিন্ন বা সাধারণ ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে কাঁটাতারের বেড়া অতিক্রম করে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজনের বাংলাদেশে প্রবেশ এবং তাদের সহায়তার অভিযোগে স্থানীয় দুই ব্যক্তিকে আটকের ঘটনা সীমান্ত নিরাপত্তার বাস্তব চিত্র নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয় জনতার সন্দেহের কারণে সাতজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়ার বিষয়টি অবশ্যই ইতিবাচক। এতে বোঝা যায়, সীমান্ত এলাকার সাধারণ মানুষও অনিয়ম ও সন্দেহজনক চলাচল সম্পর্কে সচেতন হচ্ছেন। কিন্তু একই সঙ্গে প্রশ্ন থেকে যায় কাঁটাতারের বেড়া পেরিয়ে পাঁচজন কীভাবে বাংলাদেশে প্রবেশ করলেন? তাদের প্রবেশের পেছনে কারা ছিল? স্থানীয়ভাবে কোনো দালালচক্র সক্রিয় কি না? তাদের উদ্দেশ্যই বা কী ছিল? এসব প্রশ্নের উত্তর বের করা এখন অত্যন্ত জরুরি। বিশেষ করে সীমান্তপথে অবৈধ পারাপারের সঙ্গে মানব পাচার, মাদক চোরাচালান, অবৈধ অভিবাসন কিংবা আন্তদেশীয় অপরাধচক্রের যোগসূত্র থাকার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তবে আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে তাদের উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানোও সমীচীন নয়। পুলিশ ও বিজিবি ইতোমধ্যে তদন্তের কথা জানিয়েছে। আমরা আশা করি, তদন্ত হবে নিরপেক্ষ, গভীর ও তথ্যনির্ভর। শুধু আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করেই যেন তদন্তের পরিসর সীমাবদ্ধ না থাকে; তাদের সঙ্গে যোগাযোগকারী ব্যক্তি, সীমান্ত পারাপারে সহায়তাকারী চক্র এবং এর পেছনের অর্থনৈতিক বা অপরাধমূলক যোগসূত্রও খুঁজে বের করতে হবে। বেনীপুর সীমান্তে হাসিবুল ও আসমাউল নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অবৈধ পারাপারে সহায়তার অভিযোগ উঠেছে। অভিযোগ সত্য কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে। কারও বিরুদ্ধে প্রমাণ ছাড়া অভিযোগ প্রতিষ্ঠা করা যেমন ঠিক নয়, তেমনি অভিযোগের আড়ালে প্রকৃত অপরাধীদের আড়াল করার সুযোগ দেওয়াও উচিত নয়। তদন্তে যাদের সম্পৃক্ততার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন। সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে শুধু বিজিবি বা পুলিশের ওপর নির্ভর করলেই হবে না। সীমান্তের প্রত্যন্ত এলাকায় নিয়মিত নজরদারি, সন্দেহজনক ব্যক্তির চলাচল সম্পর্কে দ্রুত তথ্য আদান-প্রদান এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা জরুরি। সীমান্তবর্তী মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আস্থার সম্পর্ক আরও শক্তিশালী করতে হবে। কারণ অনেক সময় স্থানীয় বাসিন্দারাই অপরাধের গতিবিধি সম্পর্কে প্রথম তথ্য পান। একই সঙ্গে সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো দরকার। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে সেখানে পর্যবেক্ষণ জোরদার, আলোকসজ্জা, ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো যেতে পারে। কোথাও কাঁটাতারের বেড়া দুর্বল বা অরক্ষিত থাকলে তা দ্রুত সংস্কার করতে হবে। সীমান্তরক্ষী বাহিনীর টহল ও গোয়েন্দা তৎপরতার পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিজিবির মধ্যে সমন্বয়ও আরও কার্যকর করা প্রয়োজন। বেনীপুর সীমান্তের ঘটনাটি আমাদের জন্য সতর্কবার্তা। একটি সীমান্ত দিয়ে কয়েকজন মানুষ অবৈধভাবে প্রবেশ করতে পারলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধী চক্র একই পথ ব্যবহার করার সুযোগ নিতে পারে। তাই ঘটনাটিকে কেবল সাতজনকে আটকের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর পেছনের পুরো নেটওয়ার্ক অনুসন্ধান করা প্রয়োজন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, তবে সেই দায়িত্ব পালনে স্থানীয় জনগণের সহযোগিতাও অপরিহার্য। বেনীপুরের ঘটনায় স্থানীয় মানুষের সচেতন ভূমিকা প্রশংসনীয়। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা এবং সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের সম্ভাব্য পথ ও চক্রগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেয়া। সীমান্তে কাঁটাতারের বেড়া থাকলেই নিরাপত্তা নিশ্চিত হয় না, প্রয়োজন কার্যকর নজরদারি, গোয়েন্দা তৎপরতা, প্রযুক্তির ব্যবহার এবং জনগণের অংশগ্রহণ। দেশের সীমান্তকে নিরাপদ রাখতে এসব ক্ষেত্রেই এখন আরও কঠোর, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেয়া জরুরি।


