সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের কিরণগাছি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছানোয়ার হোসেন (৩৭) নামের এক যুবককে ৪টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প। পরে সামারি ট্রায়াল আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিরণগাছি এলাকার বলগাছি গ্রামে শামসুলের চায়ের দোকানের সামনে পাকা সড়কের পাশ থেকে ছানোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ছানোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা গ্রামের টগর মণ্ডলের ছেলে।
অভিযানে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নওশাদ মাহফুজ, এএসআই সদরুল আলম ও এএসআই ওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, ছানোয়ার হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পরে সামারি ট্রায়াল আদালতে তার বিচার সম্পন্ন হয়। আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। উদ্ধার করা ইয়াবা আইনানুগ প্রক্রিয়ায় হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী কিংবা মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। জেলার সর্বত্র নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। কোথাও মাদক বিক্রি বা সরবরাহের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।


