আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন ওই শিক্ষককে গণধোলাই দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের বেগুয়ারখালি চরপাড়া গ্রামের চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম আবুল কালাম আজাদ। তিনি দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি প্রায় ১০ বছর ধরে ওই মাদ্রাসায় শিক্ষকতা করছেন।
অভিযোগকারী ছাত্রীর বাবা বলেন, তার মেয়েকে বিভিন্ন সময় ওই শিক্ষক কুপ্রস্তাব দিতেন। বুধবার রাতে মাদ্রাসায় তার মেয়েকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি পরিবার ও স্থানীয় লোকজন জানতে পারলে তারা মাদ্রাসা শিক্ষকের কাছে এ বিষয়ে জানতে চান। এ সময় তর্ক-বিতর্কের একপর্যায়ে স্থানীয় লোকজন ওই শিক্ষকের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
তবে অভিযুক্ত শিক্ষকের বাবা অভিযোগ অস্বীকার করে বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তার ছেলে এ ধরনের কাজ করতে পারেন না। তিনি ঘটনার সঠিক তদন্তের দাবি জানান।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। অভিযোগটি তদন্তাধীন। তদন্তের পরই ঘটনার প্রকৃত সত্যতা জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।


