নিজস্ব প্রতিবেদক:
‘ছোট হাতে সবুজ দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’Ñএ প্রতিপাদ্য সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ১০ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬। চার দিনব্যাপী এ সমাবেশে জেলার চার উপজেলার ৪৭টি দল অংশ নিয়েছে। ক্যাম্পুরীতে কাব শিশুরা ১১টি শিক্ষামূলক চ্যালেঞ্জে অংশ নেয়ার পাশাপাশি ক্যাম্পিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা শাখা এ আয়োজন করে। ২ নভেম্বর শুরু হওয়া এ ক্যাম্পুরী চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেন। জেলা শাখার কমিশনার আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালেদ হোসেন সিদ্দিকী। বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা সদর উপজেলা কাব লিডার আলী জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিন্দ্র কুমার মন্ডল, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিমেল রানা এবং প্রবীণ স্কাউটার বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহ সিদ্দিক। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার স্কাউটসের সম্পাদক ও কমিশনাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ বি এম খালেদ হোসেন সিদ্দিকী শিশুদের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, ক্যাম্পুরীতে অংশ নেয়া সবাই শিশু। তাই সন্ধ্যার আগে ও পরে অনুমোদন ছাড়া কেউ যেন বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান জানান তিনি।
আয়োজকেরা জানান, এবারের ক্যাম্পুরীতে জেলার চার উপজেলার ৪৭টি দল অংশ নিয়েছে। ১১টি শিক্ষামূলক চ্যালেঞ্জের মাধ্যমে কাব শিশুরা নিজেদের দক্ষতা, সৃজনশীলতা ও দলগত কাজের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাবে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি শিশুদের জন্য শেখা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি বড় পরিসর তৈরি করেছে। বক্তারা বলেন, স্কাউটিং কেবল একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি শিশু-কিশোরদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম গড়ে তোলার কার্যকর মাধ্যম। স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা দায়িত্বশীল হতে শেখে, দলবদ্ধভাবে কাজ করার অভ্যাস গড়ে তোলে এবং সমাজের প্রতি নিজেদের কর্তব্য সম্পর্কে সচেতন হয়। চার দিনের এ আয়োজন ঘিরে অংশগ্রহণকারী কাব শিশুদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের আশা, ক্যাম্পুরীর বিভিন্ন কার্যক্রম ও প্রতিযোগিতায় অংশ নেয়ার মধ্য দিয়ে শিশুদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতা আরও বিকশিত হবে।


