নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। তাদের মধ্যে তিনজনের কাছ থেকে ১৪টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত চারজনকেই কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। গতকাল মঙ্গলবার সদর থানা-পুলিশের দুটি পৃথক দল অভিযান পরিচালনা করে।
পুলিশের প্রথম দলটি সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকরামুল হকের নেতৃত্বে পৌর এলাকার জাফরপুরে অভিযান চালায়। এ সময় জাফরপুর চৌরাস্তার বটতলা এলাকা থেকে জিনারুল ইসলাম (৪০), আব্বাস উদ্দিন (৪৫) ও আকাশ আলীকে (২৫) গ্রেপ্তার করা হয়। জিনারুলের বাড়ি জাফরপুর ঈদগাহপাড়ায়। এছাড়া আব্বাস ও আকাশের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদি কাজিপাড়ায়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিনারুল ইসলামের দেহ তল্লাশি করা হলে তার ডান হাত থেকে পলিথিনে মোড়ানো ১৪টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এসব ইয়াবার ওজন ১ দশমিক ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ২০০ টাকা। এ সময় আব্বাস উদ্দিন ও আকাশ আলী পুলিশকে জানান, তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসেছিলেন জিনারুলের কাছ থেকে ইয়াবা কিনতে। অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি নম্বরবিহীন সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। পুলিশ ইয়াবা ও মোটরসাইকেলটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক), ৩৮ ও ৪১ ধারায় অভিযোগ আনা হয়। পরে তাদের সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হলে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে আরেকটি দল শহরতীর দৌলতদিয়ার দক্ষিণপাড়ায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন মন্টুকে (৪৬) তার বাড়ির সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, জাহাঙ্গীর হোসেন মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। এ অভিযোগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা করে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে তাৎক্ষণিক বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এসব দণ্ডাদেশ দেন।


