নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজনের কাছ থেকে ৭৪ গ্রাম গাঁজা ও দুইটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর একজনকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তিনজনকেই বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে ডিএনসি জেলা কার্যালয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার দৌলতদিয়া দক্ষিণপাড়ার বিজয় কুমার কুন্ড (৩৪), চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর গ্রামের আব্দুল আজিজ (৬০) এবং বাগানপাড়ার সিনহা আহমেদ (২২)। ডিএনসির দেয়া তথ্য অনুযায়ী, বিজয় কুমার কুন্ডের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও দুইটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ। অন্যদিকে, আব্দুল আজিজের কাছ থেকে ৬৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আট হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই নির্বাহী ম্যাজিস্ট্রেট তার সাজা ঘোষণা করেন। এছাড়া সিনহা আহমেদকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক-উজ-জামান তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।


