আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া বিশেষ অভিযানে আরও একজনকে আদালতের পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার সকালে এসব অভিযান চালানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা ও বিভিন্ন পুলিশ ক্যাম্প এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এসআই ফিরোজ আলীর নেতৃত্বে জামজামী পুলিশ ক্যাম্পের একটি দল জামজামী বাজার থেকে আলমডাঙ্গাগামী সড়কের পাশে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের সামনে অভিযান চালায়। সেখানে নওদা জামজামী গ্রামের জনি আলী ওরফে জাহাঙ্গীর (২৬), আকাশ আলী (২৪) এবং সোহাগপুর গ্রামের শাহিনকে (২৮) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে, এসআই শাহরিয়ার হোসেন রুবেলের নেতৃত্বে আসাননগর এলাকায় শহিদুল ইসলাম মেম্বারের মেহগনি বাগানে অভিযান চালিয়ে আসাননগরের আবদুর রশিদ (৫৫) ও গড়চাপড়া (মাঝেরপাড়া) গ্রামের সোহাগকে (৩৮) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই কর্মকর্তার নেতৃত্বে পৃথক অভিযানে হাটবোয়ালিয়া গ্রামের এসকে এসবি ইটভাটার সামনে থেকে মেহেরপুরের গজারিয়া (হেমায়েতপুর) গ্রামের তপন ওরফে দবির মালিথাকে (২৩) এক গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। ফরিদপুর দোহারপাড়া এলাকায় মদিন সাহেবের পুকুরের সামনে অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামকেও (৫৫) এক গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া আলমডাঙ্গা থানার একটি মামলায় তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি হিসেবে জেহালা (অঘরনাথ) গ্রামের লিটন আলী (৩৮) ও গড়চাপড়া গ্রামের তুহিন আলীকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। তারা আলমডাঙ্গা থানার মামলা নম্বর ১৬, তারিখ ২১ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৩৯৩ ধারার মামলার আসামি। অপর অভিযানে এএসআই জামির আলীর নেতৃত্বে বকশিপুর গ্রামের সবুজ আলীকে (২৫) তার নিজ বাড়ি থেকে আদালতের পরোয়ানায় গ্রেপ্তার করা হয়। তিনি আলমডাঙ্গা জিআর-২৮৯/২৪, প্রসেস নম্বর ৫২৪/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ জানায়, মাদকসহ গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে সামারি ট্রায়াল প্রসিকিউশনের মাধ্যমে ব্যবস্থা নেয়া হয়েছে। লিটন আলী ও তুহিন আলীকে সংশ্লিষ্ট মামলায় এবং সবুজ আলীকে পরোয়ানামূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


