আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে এক কিশোরসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে চারজনকে মাদকসহ এবং দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলার আসামি হিসেবে আটক করা হয়। অভিযানে ২২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ হাজার টাকা জব্দ করা হয়েছে। শনিবার ও রবিবার রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেনÑ বলিয়ারপুর গ্রামের এক কিশোর (১৭), জগন্নাথপুর গ্রামের সকির উদ্দিনের ছেলে আশিকুর রহমান (২২), চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে সোহেল রানা ওরফে পলাশ (২১), আসাননগর পূর্বপাড়ার মিশকাত আলীর ছেলে সোহেল রানা (৩২), গোবিন্দপুর মাঠপাড়ার মৃত শাহজাহানের ছেলে সোহেল মোল্লা (৩৫) এবং রাধিকাগঞ্জ গ্রামের বারেক আলীর ছেলে সোহেল রানা (৪১)।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর বাজারের তিন রাস্তার মোড়ে বটগাছের নিচ থেকে স্থানীয় লোকজন মাদকসহ ওই কিশোরকে আটক করেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন সেখানে গিয়ে তাকে হেফাজতে নেন। তল্লাশিতে তার কাছ থেকে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। একই দিন সন্ধ্যা ৭টার দিকে কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মসজিদপাড়া মাদ্রাসার সামনের পাকা সড়ক থেকে আশিকুর রহমান ও সোহেল রানা ওরফে পলাশকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা পৌরসভার হাজী মোড় এলাকায় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ হাজার টাকা জব্দ করা হয়। এসআই ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামি সোহেল মোল্লাকে শনিবার রাত পৌনে ১১টার দিকে হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসআই শাহরিয়ার হোসেন রুবেলের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়। আরেকটি মামলার আসামি সোহেল রানাকে (৪১) শনিবার দিনগত রাত ১২টার দিকে আলমডাঙ্গা পৌরসভার পশুহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই নাজমুল করিম।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালিত হয়। পুলিশ জানায়, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


