আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়াল কোর্টে তাদের হাজির করা হলে আদালত তিনজনকেই বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ্বাস সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কামালপুর বটতলা মোড়ে রবজেলের চায়ের দোকানের সামনে অভিযান চালান। এ সময় হাউসপুর গ্রামের একরামুল হকের ছেলে সোহানুর রহমানকে (২০) এক পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে এক গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, গতকাল বুধবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে গড়চাপড়া পূর্বপাড়ায় জামাল উদ্দিনের মুদির দোকানের সামনে অভিযান চালায় মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি দল। অভিযানে মুন্সিগঞ্জ জেহালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইয়াছিন হোসেন ওরফে হৃদয় (২০) এবং গোপালনগর গ্রামের জাফর আলীর ছেলে আব্দুস সালামকে (২০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হয়। আদালত সোহানুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ইয়াছিন হোসেন ওরফে হৃদয় এবং আব্দুস সালামকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আলমডাঙ্গা থানা-পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


