আলমডাঙ্গা প্রতিনিধি:
আলমডাঙ্গায় মাদকবিরোধী ও বিশেষ অভিযানে গাঁজাসহ বিভিন্ন অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এসআই শাহরিয়ার হোসেন রুবেলের নেতৃত্বে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা বড় বোয়ালিয়া গ্রামের ঝুটিয়াডাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালান। এ সময় বড় বোয়ালিয়া থেকে ঝুটিয়াডাঙ্গাগামী পাকা সড়ক থেকে তুফান আহম্মেদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে সোমবার দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌরসভার আল-তায়েবা মোড়ে অভিযান চালিয়ে ওমর ফারুক (২৬), আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রান্ত (৩০) এবং দর্শনা উপজেলার জয়নগর গ্রামের শাওন শেখকে (২৬) গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তারা নেশাজাতীয় মাদক সেবন করে উচ্চস্বরে চিৎকার ও অকথ্য ভাষায় গালিগালাজ করে জনসাধারণের বিরক্তির সৃষ্টি করছিলেন।
এছাড়া আলমডাঙ্গা থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি সঞ্জয় কুমারকে (৩৩) বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ২১ জুলাই দায়ের করা মামলায় দণ্ডবিধির ৩৯৩ ধারায় অভিযোগ রয়েছে। অপর এক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি ইমনকে (২২) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আলমডাঙ্গা জিআর-১৫৬/২৬ মামলায় আদালতের পরোয়ানা ছিল।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনের মধ্যে তুফান আহম্মেদকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে। ওমর ফারুক, আব্দুল্লাহ আল মামুন ও শাওন শেখের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪(৬) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন করা হয়েছে। সঞ্জয় কুমারকে ৩৯৩ ধারার মামলায় এবং ইমনকে পরোয়ানামূলে আদালতে সোপর্দ করা হয়েছে।


