আসমানখালী প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত মাসব্যাপী ‘দাওয়াতি দশক’ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার খাদেমপুর ইউনিয়নের দুটি গ্রামে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের বিভিন্ন বিষয় ও মতামত শোনেন নেতারা। কর্মসূচির প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি খাদিমপুর ইউনিয়নের আলিয়াট নগর ও পাঁচ কমলাপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
গণসংযোগে অংশ নেয়া নেতারা বলেন, মানুষের কাছে ইসলামের শান্তি, সৌন্দর্য ও কল্যাণের বার্তা পৌঁছে দেয়ার লক্ষ্যেই মাসব্যাপী দাওয়াতি দশকের কর্মসূচি পালন করা হচ্ছে। তাদের ভাষ্য, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য ন্যায়, ইনসাফ, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়ানো প্রয়োজন। গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামতের কথা নেতাদের কাছে তুলে ধরেন। নেতারাও তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন ও আদালত সম্পাদক দারুস সালাম, জিএ থানা আমির আব্বাস উদ্দিন, থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল ও থানা নায়েবে আমির সেলিম রেজা। খাদেমপুর ইউনিয়ন জামায়াতের আমির ও দলটির মনোনীত খাদেমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা ও নানা সামাজিক সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা জরুরি। মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব বলে তারা উল্লেখ করেন। তারা আরও বলেন, শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং তাদের কথা শোনা প্রয়োজন। এ ধরনের গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সংগঠনের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
গণসংযোগে স্থানীয় জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলিয়াটনগর ও পাঁচ কমলাপুর গ্রামের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে দলটির সাংগঠনিক তৎপরতার চিত্রও ফুটে ওঠে।


