নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনী প্রস্তুতি জোরদার, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। গতকাল শুক্রবার সকাল ৯টায় বেগনগর কিন্ডারগার্টেন স্কুলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমীর রুহুল আমিন।
সভায় রুহুল আমিন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয় অর্জনের লক্ষ্যে দলীয় প্রার্থী ও দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনী মাঠে শুধু প্রচার-প্রচারণার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের কাছে যেতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে এবং তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, সততা, যোগ্যতা, ন্যায়বিচার ও জনসেবার আদর্শকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তাদের প্রত্যাশা ও সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। দলীয় প্রার্থী ও দায়িত্বশীলদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, সাবেক জেলা আমীর মোহাম্মদ আনারুল হক মালিকসহ জেলা কর্মপরিষদের সদস্য, জেলা ইউনিটের সদস্য এবং বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীল নেতারা।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি, তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় নেতারা নির্বাচনী কার্যক্রমে পারস্পরিক সমন্বয় বাড়ানো এবং দলীয় প্রার্থীদের পক্ষে তৃণমূল পর্যায়ে সুসংগঠিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাক্সিক্ষত বিজয় অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


