কার্পাসডাঙ্গা প্রতিনিধি:
দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে সমাবেশে আলোচনা করা হয়। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীমুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রাফিজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বিদ্যালয়ে পাঠদানের মাধ্যমে একজন শিক্ষার্থীর কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতেও পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের শতভাগ আন্তরিক হতে হবে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে নিয়মিত যাচ্ছে কি না, পড়াশোনায় মনোযোগী হচ্ছে কি না এবং তাদের আচরণ ও নৈতিক বিকাশ ঠিকভাবে হচ্ছে কি নাÑএসব বিষয়ে শিক্ষক ও অভিভাবককে নিয়মিত নজর রাখতে হবে। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে রাফিজুল ইসলাম বলেন, উভয় পক্ষের যৌথ প্রচেষ্টাতেই শিক্ষার্থীদের কাক্সিক্ষত মানোন্নয়ন সম্ভব। এ ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনায় শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যালোচনা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিভিন্ন বিষয় উঠে আসে। সমাবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা উপজেলার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও দশম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমদাদুল হক মুন্সী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, এলাকার কৃতী সন্তান মহসিন কবির এবং গাংনী ইউনিয়ন বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


