নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩৫ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এবং জীবননগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার বেনীপুর ঘোষপাড়ার মৃত অজিজ বক্স মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৭০) এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার মাস্টারপাড়ার আনারুলের ছেলে সিয়াম (১৯)।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় নজরুল ইসলামের কাছ থেকে ৩০ গ্রাম এবং সিয়ামের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হয়। অভিযান ও মামলার পর বিচারিক কার্যক্রমে নজরুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। চুয়াডাঙ্গার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত এ দণ্ড দেন। অন্যদিকে সিয়ামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। এস এম আশিস মোমতাজ তার বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।


