সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আওতায় কার্ডধারীদের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। তবে বিতরণকেন্দ্রে গিয়ে দেখা গেছে, তালিকায় থাকা সব পণ্য নিতে আগ্রহী নন অনেক কার্ডধারী। বিশেষ করে কম দামের হুইল সাবান নেয়ার ব্যাপারে তাদের অনাগ্রহ বেশি। গতকাল শুক্রবার পদ্মবিলা ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের সময় এমন চিত্র দেখা যায়। নির্ধারিত তালিকা অনুযায়ী কার্ডধারীদের মধ্যে তেল, চিনি, ডাল, সাবান ও বিস্কুট বিতরণ করা হয়। কিন্তু প্রয়োজনের সঙ্গে পণ্যের সামঞ্জস্য না থাকায় অনেকেই কয়েকটি পণ্য না নিয়েই বাড়ি ফিরে যান বলে জানা গেছে।
বিতরণকেন্দ্রে আসা কয়েকজন কার্ডধারী জানান, পরিবারের প্রয়োজন এবং পণ্যের মান বিবেচনা করে তারা টিসিবির তালিকায় থাকা সব পণ্য নিতে আগ্রহী নন। বিশেষ করে সাবান ও বিস্কুট তাদের অনেকের কাছে প্রয়োজনীয় মনে হচ্ছে না। তাদের মতে, এসব পণ্যের পরিবর্তে রান্নার তেল, ডাল বা পরিবারের অন্য কোনো প্রয়োজনীয় পণ্য দেয়ার সুযোগ থাকলে তারা বেশি উপকৃত হতেন। একজন কার্ডধারী বলেন, যে পণ্য আমাদের প্রয়োজন, সেটি যদি বেছে নেয়ার সুযোগ থাকত, তাহলে সরকারি এই সুবিধা আরও কাজে লাগত। সাবান বা বিস্কুট অনেক সময় না নিয়েই ফিরে যেতে হয়। আরেক কার্ডধারী বলেন, পরিবারের চাহিদা সবার এক রকম নয়। তাই পণ্যের তালিকা নির্ধারণের ক্ষেত্রে উপকারভোগীদের বাস্তব প্রয়োজন বিবেচনা করা হলে ভর্তুকি কর্মসূচির সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে।
স্থানীয়দের ভাষ্য, নিম্নআয়ের মানুষের জন্য টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য গুরুত্বপূর্ণ সহায়তা। বাজারদরের তুলনায় কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ায় এই কর্মসূচির ওপর অনেক পরিবার নির্ভরশীল। তবে কার্ডধারীদের চাহিদার সঙ্গে বিতরণ করা পণ্যের সমন্বয় না থাকলে সরকারি অর্থ ও উদ্যোগের কাক্সিক্ষত সুফল পুরোপুরি পাওয়া কঠিন। তাদের দাবি, কার্ডধারীদের চাহিদা ও পরিবারের প্রয়োজন বিবেচনায় নিয়ে পণ্যের তালিকা ও পরিমাণ নির্ধারণ করা উচিত। একই সঙ্গে যেসব পণ্যের প্রতি উপকারভোগীদের আগ্রহ কম, সেগুলোর পরিবর্তে বেশি প্রয়োজনীয় পণ্য যুক্ত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।


