নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলাবাসীর জন্য আধুনিক প্রযুক্তির দেশীয় পণ্য কেনাকাটার সুযোগ আরও সহজ করতে নতুন আয়োজনে উদ্বোধন করা হয়েছে ওয়ালটন প্লাজা চুয়াডাঙ্গা। নতুন সাজ ও পরিসরে চালু হওয়া এ শোরুমে এক ছাদের নিচে ওয়ালটনের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ও গৃহস্থালি পণ্য কেনার সুযোগ পাবেন ক্রেতারা। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা ওয়ালটন প্লাজার নতুন শোরুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ওয়ালটনের কর্মকর্তা ও ডিলারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। চুয়াডাঙ্গা ওয়ালটন প্লাজার ম্যানেজার মোহাম্মদ নাঈম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার হেড অব সেলস নাজমুল হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে নাজমুল হোসাইন বলেন, দেশীয় ব্র্যান্ড হিসেবে ওয়ালটন দেশের মানুষের প্রয়োজন ও সামর্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে আসছে। দেশে পণ্য উৎপাদনের ফলে স্থানীয় শিল্পের বিকাশের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে দেশীয় পণ্যের প্রতি মানুষের আস্থা বাড়ানোও দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দেশীয় পণ্যের মান নিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণ করা ওয়ালটনের অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তি ও মানসম্মত উৎপাদনের মাধ্যমে দেশীয় পণ্যকে আরও এগিয়ে নিতে ওয়ালটনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নতুন শোরুমে ওয়ালটনের বিভিন্ন মডেলের এসি, টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ নানা ধরনের ইলেকট্রনিক ও গৃহস্থালি পণ্য রাখা হয়েছে। ফলে ক্রেতারা প্রয়োজন ও পছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্য একই জায়গা থেকে দেখার ও কেনার সুযোগ পাবেন।
উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। এতে শোরুম উদ্বোধনের দিন থেকেই ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেক ক্রেতাকে বিভিন্ন পণ্যের মডেল, সুবিধা ও দাম সম্পর্কে খোঁজ নিতে দেখা গেছে। আয়োজকেরা জানান, নতুন শোরুমের মাধ্যমে চুয়াডাঙ্গার ক্রেতাদের আরও উন্নত সেবা দেয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তিপণ্য সহজলভ্য করার লক্ষ্য রয়েছে। দেশীয় ব্র্যান্ডের পণ্যের প্রতি মানুষের আস্থা আরও বাড়ানো এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা নিশ্চিত করতেও গুরুত্ব দেয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার হুমায়ুন কবীর, এরিয়া ম্যানেজার রিফাত হোসেন খান, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, টিআই (অ্যাডমিন) আমিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল রানাসহ ওয়ালটন প্লাজার বিভিন্ন ডিলার ও করপোরেট পার্টির প্রতিনিধিরা।


