নিজস্ব প্রতিবেদক:
খাদ্যপণ্যের মোড়কে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত করতে ‘খসড়া নিরাপদ খাদ্য (মোড়কবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা-২০২৬’ দ্রুত চূড়ান্ত ও কার্যকর করার দাবি জানানো হয়েছে। এ দাবিতে চুয়াডাঙ্গায় স্মারকলিপি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিশো। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্সের (সিএলপিএ) সহযোগিতায় রিশোর উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে খাদ্য প্রতিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদের কাছে হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে খসড়া নিরাপদ খাদ্য (মোড়কবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্ত করে কার্যকর করার দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণের সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং এ-সংক্রান্ত প্রবিধান চূড়ান্ত করা সবারই দাবি। বর্তমান সরকার নিরাপদ খাদ্য প্রবিধানমালা চূড়ান্ত ও কার্যকর করার বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব দ্রুত আপনাদের মাধ্যমে এই দাবি পূরণ হবে।
কর্মসূচিতে বক্তারা বলেন, খাদ্যপণ্যের মোড়কে সঠিক তথ্য না থাকলে ভোক্তারা পণ্যটির উপাদান, গুণগত মান ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যথাযথভাবে জানতে পারেন না। তাই ভোক্তার অধিকার সুরক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে মোড়কবদ্ধ খাদ্যের লেবেলিং ব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করা প্রয়োজন। তারা বলেন, খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। একই সঙ্গে বাজারে নানা ধরনের মোড়কবদ্ধ খাদ্যের ব্যবহারও বাড়ছে। এ অবস্থায় খাদ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা এবং তা যথাযথভাবে বাস্তবায়ন করা জরুরি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, রিশোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, নারী নেত্রী জাহানারা বেগম, সাংবাদিক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।


