নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা কমাতে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ চলাচল ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ গতি বজায় রাখা এবং মানসম্মত হেলমেট ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হয়। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেল কর্মশালাটির আয়োজন করে। চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস।
কর্মশালায় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) শহিদুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক নাহিদ হাসান, নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিআরটিএর উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিরুল ইসলাম এবং ড্রাফটসম্যান (মেকানিক্যাল) সালাউদ্দিন।
কর্মশালায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আইন প্রয়োগের পাশাপাশি মানুষের আচরণগত পরিবর্তন ও সচেতনতা তৈরি করা জরুরি। বিশেষ করে শিক্ষার্থীরা যেন রাস্তা পারাপারের সময় সতর্ক থাকে, চলন্ত যানবাহনে ওঠানামা না করে এবং মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে মানসম্মত হেলমেট ব্যবহার করে এসব বিষয়ে তাদের সচেতন হতে হবে। তারা আরও বলেন, অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য করা, অসতর্কভাবে রাস্তা পারাপার এবং হেলমেট ব্যবহারে অনীহা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। চালক ও পথচারী উভয়েই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হলে দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও নিরাপদে চলাচল নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা। এতে শিক্ষার্থীদের মধ্যে সড়ক আইন ও নিরাপদ চলাচল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা তৈরি হয়। বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তার অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে নিরাপদ সড়ক নিশ্চিত করার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


