নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বুপ্রেনরফাইন ইনজেকশনের চারটি অ্যাম্পুলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার মৃত আমিনুল ইসলামের ছেলে উজ্জ্বল (৫০), দৌলতদিয়াড় চুনুরিপাড়ার মৃত কারু মিয়ার ছেলে আরজ আলী (৪৫), মসজিদপাড়ার মৃত ইউনুস আলী মুন্সির ছেলে আত্তাব (৫৫) এবং মাঝেরপাড়ার মৃত ইসলাম উদ্দিনের ছেলে সোহেল উদ্দিন (৫১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দিনব্যাপী অভিযানে চার ব্যক্তির কাছ থেকে মোট চার অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের পর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত উজ্জ্বলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন। আরজ আলীকে দেয়া হয় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড। এছাড়া আত্তাব ও সোহেল উদ্দিনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।


