নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরতীর দৌলাতদিয়াড় এলাকায় ২ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক সুমন মন্ডল (৪০) নামের এক যুবককে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে দৌলাতদিয়াড় এলাকার মাথাভাঙ্গা ব্রিজের পশ্চিম পাশ থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ওই মাদক উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) অনুজ কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল দৌলাতদিয়াড় এলাকায় অভিযান চালায়। এ সময় মাথাভাঙ্গা ব্রিজের পশ্চিম পাশে সন্দেহজনক অবস্থায় সুমন মন্ডলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। আটক সুমন মন্ডল চুয়াডাঙ্গা শহরের জোয়ার্দ্দারপাড়া (মাঝেরপাড়া) এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় মামলা করা হয়। মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে আদালত তাকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক বহন, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


