নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসককে প্রত্যাহার, ফুটপাতে কাঁটাতারের বেড়া দেয়া বন্ধ এবং উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। সমাবেশ শেষে শহরের প্রাণকেন্দ্র বড় বাজারের সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। এতে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বড় বাজার ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। পরে যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের বাগ্বিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আলমগীর হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, চুয়াডাঙ্গা শহরের ফুটপাত ও সড়কের পাশে ছোট ব্যবসা করে বহু মানুষ দীর্ঘদিন ধরে পরিবার-পরিজনের জীবিকা নির্বাহ করছেন। এসব ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদের আগে তাদের জন্য বিকল্প ব্যবস্থা ও পুনর্বাসনের উদ্যোগ নেয়া প্রয়োজন। কিন্তু পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে উচ্ছেদ করায় অনেক ব্যবসায়ী পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বক্তারা আরও বলেন, শহরের ফুটপাত দখলমুক্ত ও যান চলাচল নির্বিঘ্ন রাখার প্রয়োজন রয়েছে। তবে এর সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা ও মানবিক বিষয়টিও বিবেচনায় নিতে হবে। উচ্ছেদের আগে তাদের জন্য নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ করে দিলে একদিকে যেমন শহরের শৃঙ্খলা ফিরবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকাও রক্ষা পাবে।
সমাবেশ শেষে ক্ষুব্ধ ব্যবসায়ীরা মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র বড় বাজার ট্রাফিক মোড়ে গিয়ে অবস্থান নেন। তারা সড়কের ওপর দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় বড় বাজারসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বিক্ষোভকারীদের সড়কের ওপর থেকে সরে গিয়ে পাশে অবস্থান নেয়ার অনুরোধ করে। এ সময় বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানার সরিয়ে নেয়া নিয়ে পুলিশ ও তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয় এবং পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। তিনি বলেন, আপনারা যারা বিক্ষোভকারী, সড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করলে তো সড়কে যানজট সৃষ্টি হয় না। আপনাদের যত দাবি-দাওয়া আছে, আপনারা সংশ্লিষ্ট দপ্তরে যান। সড়কে দাঁড়িয়ে জনগণের ভোগান্তি সৃষ্টি করবেন না। ওসি আরও বলেন, সড়কে আইনশৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে পুলিশ তাদের কর্তব্য পালন করেছে।
ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, তারা শহরের সৌন্দর্য ও যান চলাচলের বিষয়টি বুঝতে পারেন। তবে হঠাৎ উচ্ছেদ করে তাদের জীবিকার পথ বন্ধ করে দেয়া হলে পরিবার নিয়ে তাদের চরম সংকটে পড়তে হয়। তাই স্থায়ীভাবে উচ্ছেদ করার আগে বিকল্প জায়গায় তাদের পুনর্বাসনের দাবি জানান তারা। ব্যবসায়ীদের দাবি, ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা রক্ষায় কার্যকর ও টেকসই সমাধান খুঁজে বের করা জরুরি। অন্যথায় উচ্ছেদ অভিযান একদিকে শহরের অবৈধ দখল কমালেও অন্যদিকে বহু নিম্নআয়ের পরিবারের জীবনে নতুন সংকট তৈরি করবে।


