সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরনগাছি মোড়ে অভিযান চালিয়ে ১৪ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে কিরোনগাছি মোড়ে এ অভিযান চালানো হয়। আটক দুজন হলেন কিরোনগাছি গ্রামের আবু মুসার ছেলে ফরিদ (৪৫) এবং একই গ্রামের আব্দুল গনির ছেলে নজরুল ইসলাম (৪৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের একটি দল কিরোনগাছি মোড়ে চিরুনি অভিযান ও তল্লাশি চালাচ্ছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে ফরিদ ও নজরুল ইসলামকে তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে ১৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ দুজনকে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নওশাদ মাহফুজ। তার সঙ্গে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল আলমসহ পুলিশের অন্যান্য সদস্য। পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।


