নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠান মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ডিঙ্গেদহ এলাকার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। ঔষধ প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানটি চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম আব্দুর রউফ শিবলু। অভিযানে ঔষধ প্রশাসনের কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
সূত্রে জানা গেছে, অভিযানকালে ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’-এর ৪০(খ) ও ৪০(ঘ) ধারার লঙ্ঘনের দায়ে তিনটি ফার্মেসির বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। এর মধ্যে আজিজ মেডিকেল হলের মালিককে ৫ হাজার টাকা, এস.আর ফার্মেসি মালিককে ৫ হাজার টাকা এবং আরশ মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঔষধ প্রশাসনের কর্মকর্তারা জানান, অভিযানে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ মজুত ও বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে এসব অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। ঔষধ প্রশাসন আরও জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নকল, ভেজাল, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিক্রি ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গার ঔষধ পরিদর্শক ইকরামুল করিম।


