নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র অধীনস্থ চারটি বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গাঁজা, মদ, বিভিন্ন ধরনের ওষুধ ও কসমেটিক্স। এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ৩৯ লাখ ২ হাজার ৭৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৬ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ী, আনন্দবাস, নাজিরাকোনা ও বারাদী বিওপির টহল দল পৃথকভাবে অভিযান পরিচালনা করে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা মালামালগুলো জব্দ করা হয়। অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২ কেজি ভারতীয় গাঁজা, ৭০ বোতল ভারতীয় মদ, ৬ হাজার পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৫ হাজার ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৬৯৬ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ৫৬ পিস ভারতীয় কসমেটিক্স। বিজিবি জানিয়েছে, এসব পণ্য সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনার চেষ্টা করা হয়েছিল। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান আরও বলেন, সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তপথে মাদক ও অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে নিয়মিত নজরদারির পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ৬ বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।


