নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ওষুধ ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটালিয়নের অধীন দর্শনা, মুন্সিপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর ও ঠাকুরপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা হয়েছে কী-না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৬৮ বোতল ভারতীয় মদ, ১০৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ৭ হাজার ৬৮০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, বিভিন্ন ধরনের ৪ হাজার ৫৯০ পিস ভারতীয় ওষুধ এবং ৬৩০ পিস ভারতীয় ইনজেকশন। এছাড়া অভিযানে ৩৬ পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, ৪ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ, ১৩ পিস চায়না দোয়ারী জাল, ১২ পিস বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী এবং ৪ পিস ভারতীয় থ্রি-পিসও জব্দ করা হয়েছে।
৬ বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তিনি আরও বলেন, সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


