জীবননগর অফিস:
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার আমির এমপি রুহুল আমিন বলেছেন, আল্লাহ ও তার রাসুল হযরত মুহাম্মদ (সা.)’র প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্যই দ্বীন কায়েমের পথে কাজ করার মূল প্রেরণা। গতকাল সোমবার বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন বলেন, আল্লাহ ও তার রাসুল (সা.)’র প্রতি অন্তরে গভীর ভালোবাসা ও আনুগত্য ধারণ করতে পারলেই একজন মুমিন দ্বীন কায়েমের পথে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। আল্লাহভীতি, তাকওয়া এবং তার ক্ষমার প্রত্যাশাকে ধারণ করে জীবন পরিচালনা করলে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা সম্ভব। তিনি বলেন, যাদের অন্তরে আল্লাহ ও রাসুল (সা.)’র প্রতি যত বেশি ভালোবাসা জাগ্রত করতে পারব, তারা দ্বীন কায়েমের কাজে তত বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। আল্লাহর ভয় ও তার ক্ষমার প্রত্যাশাকে সামনে রেখে যারা জীবন পরিচালনা করেন, তারাই সফলতার পথে এগিয়ে যেতে পারেন। জামায়াতের এই নেতা বলেন, মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা ও রাসুল (সা.)’র আদর্শ অনুসরণ করা প্রয়োজন। মানুষের অন্তরে আল্লাহভীতি ও জবাবদিহিতার অনুভূতি জাগ্রত হলে অন্যায়, অবিচার ও অসৎ কাজ থেকে বিরত থাকার মানসিকতা তৈরি হয়। এর মধ্য দিয়েই তাকওয়া অর্জনের পথ সুগম হয়। তিনি ব্যক্তিজীবনে ইসলামের শিক্ষা অনুসরণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা এবং সমাজে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে জেলা পেশাজীবী শাখার সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জীবননগর থানা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, থানা সেক্রেটারি মাহফুজুর রহমান এবং ইউনিয়ন নায়েবে আমির ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন। বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আলামিনের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান। সমাবেশ শেষে রুহুল আমিন জীবননগরের সুটিয়া বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।


