জীবননগর অফিস:
জীবননগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দলের পুরোনো কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। গতকাল শনিবার বিকেল চারটায় জীবননগর উপজেলা বিএনপির পুরোনো পার্টি অফিসে এ কর্মসূচির আয়োজন করা হয়। জীবননগর পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠার ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম। জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী সরদারের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের নেতা তানভির ইসলাম নাফির সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. তাজুল ইসলাম বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। দলের সাংগঠনিক শক্তি আরও বাড়াতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে হবে। তিনি বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, তৃণমূল পর্যায়েও সংগঠনকে আরও গতিশীল করতে হবে। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করতে হবে। মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমেই একটি রাজনৈতিক দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হয়। তাজুল ইসলাম আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি আনুষ্ঠানিক দিন নয়; এটি দলের ইতিহাস, আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন। দলের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দীন চুন্নু, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ, বিএনপি নেতা মনিরুজ্জামান বিল্লাল, জীবননগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক পেয়ারা বেগম, সাবেক সভানেত্রী ফারহানা আক্তার রিনি, জীবননগর পৌর কৃষক দলের আহ্বায়ক ইউনুছ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ আলী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক বাবর আলী, পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব বাদশা মিয়া এবং সমাজসেবক ও বিএনপি নেতা নেছার উদ্দীন টুটুল।


