নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পৃথক অভিযানে মোট ৪০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের আজগার আলীর ছেলে মিনারুর ইসলাম (৪০), ঝাঝাডাঙ্গা গ্রামের আইজ উদ্দিন মণ্ডলের ছেলে কাতোর আলী, কুড়ুলগাছি মিস্ত্রিপাড়া গ্রামের মৃত ইলিয়াস হাসানের ছেলে আবুল কাশেম (৬০) এবং ধান্যঘরা মাঝপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিন মোল্লার ছেলে জাকির মোল্লা (৫২)।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনা থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী মোবাইল কোড অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার ব্যক্তির কাছ থেকে পৃথকভাবে ১০ গ্রাম করে মোট ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ডিএনসি সূত্রে আরও জানা যায়, অভিযানে প্রথম ব্যক্তির কাছ থেকে ১০ গ্রাম, দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে ১০ গ্রাম, তৃতীয় ব্যক্তির কাছ থেকে ১০ গ্রাম এবং চতুর্থ ব্যক্তির কাছ থেকে আরও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


