দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে মাটিভর্তি পাঁচটি ট্রাক্টর জব্দ করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার লোকনাথপুর-পরানপুর সড়কে অভিযান চালিয়ে এসব ট্রাক্টর জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টরের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জয়রামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে পরানপুর মাঠ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় পুলিশ। দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ মোহাম্মদ নুরুল্লাহর নির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়ার নেতৃত্বে অভিযানে নামেন পুলিশের একটি দল। থানার উপ-পরিদর্শক (এসআই) নওশাদ মাহফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে লোকনাথপুর-পরানপুর সড়কে অবস্থান নেন। এ সময় পরানপুর মাঠ থেকে মাটি কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পাঁচটি মাটিভর্তি ট্রাক্টর জব্দ করা হয়। অভিযানের সময় ট্রাক্টরগুলোর চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা ট্রাক্টরগুলো থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেগুলো পুলিশ হেফাজতে রয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পরানপুর মাঠে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। পরে লোকনাথপুর-পরানপুর সড়কে অভিযান চালিয়ে মাটিভর্তি পাঁচটি ট্রাক্টর জব্দ করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেয়া হলে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এ ধরনের কর্মকাণ্ড বন্ধে শুধু পরিবহনকারী যানবাহন জব্দ নয়, মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টিও গুরুত্বপূর্ণ।


