সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ বাজারে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক কারবারিদের বিষয়ে পুলিশকে তথ্য দেয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহফুজুর রহমান নওশাদ। এ সময় ক্যাম্পের এএসআই সদরুল আলম, এএসআই অহিদুল ইসলাম, এএসআই শামীম হোসেনসহ পুলিশ ক্যাম্পের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও পথসভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান নওশাদ বলেন, আমাদের এলাকায় কোনোভাবেই মাদক বিক্রি করতে দেয়া হবে না। আপনাদের এলাকায় কেউ মাদক বিক্রি করলে পুলিশকে তথ্য দিন। মাদক বিক্রেতাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, মাদকের বিস্তার শুধু একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে না, এর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধরনের হুমকি। তরুণদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে অভিভাবক ও এলাকাবাসীকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পুলিশ সদস্যরা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকার কোথাও মাদক বিক্রি বা সেবনের ঘটনা নজরে এলে দ্রুত পুলিশকে জানাতে হবে। স্থানীয় মানুষের সহযোগিতা পেলে মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
পথসভায় মাদক বিক্রি ও সেবনের ক্ষতিকর দিক তুলে ধরে এলাকাবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের মাদকবিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়িয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগও নেয়া হবে।


