নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার সিনিয়র সাংবাদিক দৈনিক আজকের খাসখবরের প্রধান সম্পাদক এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাজীব হাসান কচি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) পর্যবেক্ষণে রয়েছেন। রাজীব হাসান কচি চ্যানেল আই ও দৈনিক জনকণ্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সহকর্মীরা জানান, গতকাল বুধবার বেলা দুইটার দিকে রূপছায়া সিনেমা হলপাড়ায় দৈনিক আজকের খাসখবরের প্রধান কার্যালয়ে অবস্থানকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজীব হাসান কচি। এ সময় সহকর্মীরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তাকে সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, ভর্তির পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে রাজীব হাসান কচির অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিকসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সদর হাসপাতালে ছুটে যান। তারা তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত রাজীব হাসান কচি চুয়াডাঙ্গার সাংবাদিকতা অঙ্গনে পরিচিত মুখ। সংবাদপত্র ও টেলিভিশন সাংবাদিকতার পাশাপাশি তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছেন। দৈনিক আজকের খাসখবর পরিবার রাজীব হাসান কচির দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছে। তার সহকর্মী, শুভাকাক্সক্ষী ও স্বজনেরাও তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।


