আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার হারদী হাসপাতালের সামনের সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ ‘ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম শাহ নেওয়াজ মেহেদী।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারদী হাসপাতালের সামনের সরকারি জমিতে কোনো অনুমোদন ছাড়াই ‘ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালের রোগীদের বিভিন্নভাবে প্রভাবিত করে এবং দালালদের মাধ্যমে ওই ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হতো। এতে রোগীদের বিভ্রান্ত ও হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে বুধবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ওই ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম শাহ নেওয়াজ মেহেদী বলেন, সরকারি জমিতে অনুমোদন ছাড়া কোনো স্থাপনা বা প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


