ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আলমডাঙ্গায় সাপের কামড়ের সন্দেহে মাবিয়া খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঘরে একটি সাপ দেখার কিছুক্ষণ পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তবে চিকিৎসকেরা শিশুটির শরীরে সাপের কামড়ের কোনো চিহ্ন পাননি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মাবিয়া খাতুন আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওদাবন্ডবিল মালিথাপাড়া এলাকার আজাদ আলীর মেয়ে। সে স্থানীয় কাঠমিস্ত্রি কাওসারের নাতনি।
পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাত আনুমানিক চারটার দিকে তাদের ঘরের মেঝেতে একটি সাপ দেখতে পান। মাবিয়ার বাবা আজাদ আলী সাপটিকে কয়েকবার তাড়ানোর চেষ্টা করেন। পরে সাপটি ঘর থেকে বের না হওয়ায় সেটিকে মেরে বাড়ির পাশের ধানখেতে ফেলে দেয়া হয়। এর কিছুক্ষণ পর মাবিয়া পেটব্যথার কথা জানায়। পরে সে বমি করে। একপর্যায়ে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক হুজুরের কাছে নিয়ে যান। সেখানে দ্রুত চিকিৎসকের কাছে নেয়ার পরামর্শ দেয়া হয়। পরে পরিবারের লোকজন মাবিয়াকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের ধারণা, ঘরে পাওয়া সাপটির কামড়েই মাবিয়ার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে শিশুটিকে সাপে কামড়েছিল কী না এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা নিশ্চিত হওয়া যায়নি। মাত্র চার বছরের শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


