আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গা-মেহেরপুরে জাতীয় যুব দিবস উদযাপন

চুয়াডাঙ্গা-মেহেরপুরে জাতীয় যুব দিবস উদযাপন




নিজস্ব প্রতিবেদক:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষিত যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সম্মাননা দেয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে যুবসমাজই সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে যথাযথ প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূর করার পাশাপাশি গড়ে উঠবে আত্মনির্ভরশীল বাংলাদেশ। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসের শুরুতে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।
চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, বেকারত্ব দূর করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরকে কার্যকর ভূমিকা রাখতে হবে। জাতীয় যুব দিবসের আয়োজনের মূল উদ্দেশ্য শুধু আনুষ্ঠানিকতা নয় বরং যুবকদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান ও আত্মনির্ভরশীল হওয়ার বিষয়ে সচেতন করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তাদের সম্পৃক্ত করা। মাসুদ পারভেজ রাসেল আরও বলেন, আজকের যুবকেরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশের অগ্রযাত্রায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের শ্রম, মেধা ও উদ্ভাবনী শক্তি বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন ক্রমেই যুবনির্ভর হয়ে উঠছে। এই যুবশক্তিই আগামী দিনে দেশ গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র ও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ-উর জামান সিজার, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শেষ পর্বে প্রশিক্ষিত যুবকদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন প্রকল্পের আওতায় যুব ঋণের চেক বিতরণ করা হয়। গরু মোটাতাজাকরণ, মৎস্য চাষ, গবাদিপশু পালন ও পোশাক তৈরিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের জন্য এসব ঋণ দেওয়া হয়। এর মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া যুবকেরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা। এছাড়া নিজ উদ্যোগে সফলতা অর্জনকারী আত্মকর্মী ও যুব সংগঠকদের কাজের স্বীকৃতি দিতে তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। তাদের এই অর্জন অন্য যুবকদের উদ্যোক্তা হওয়ার পাশাপাশি আত্মনির্ভরশীল জীবন গড়তে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ ও উদ্যোক্তা তৈরির উদ্যোগের মধ্য দিয়ে যুবসমাজকে দেশের অর্থনৈতিক অগ্রগতির মূলধারায় সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।
জীবননগর অফিস জানিয়েছে, ‘দক্ষ যুব গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল রবিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশিক্ষিত ১৬ জন যুবকদের মধ্যে ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয় ও ৫ জন প্রশিক্ষিত যুবকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
তিনি বলেন, দক্ষ যুবকেরা একটি দেশের সম্পদ। যুবকদের সঠিক প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে।দেশের সব অর্জন যুবকদের হাত ধরেই এসেছে। জাতীয় যুব দিবস পালন উপলক্ষে জীবননগরে সাত দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। জীবননগর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রদান করে যুবকদের দক্ষ হিসেবে তৈরা করা হচ্ছে। তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করে স্বাবলম্বী হতে উৎসাহিত করা হচ্ছে।তাছাড়াও যুবকদের উদ্দোক্তা তৈরি করতে সহায়তা প্রদান করা হয়ে থাকে। যুবকেরা এখান থেকে প্রশিক্ষণ ও সকল প্রকার সুযোগ সুবিধা কাজে লাগিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ভালো কিছু করতে পারবে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সমাজ সেবা কর্মকর্তা জাকির উদ্দিন, সমবায় কর্মকর্তা নুর আলম, জীবননগর থানার পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সেলিম উদ্দিন, ক্যাশিয়ার সিদ্দিকুর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা যুবকেরা উপস্থিত ছিলেন।
দামুড়হুদা অফিস জানিয়েছে, ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, দামুড়হুদার আয়োজনে দিবসটি উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ, যুব র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ঈমাম হাফেজ মাও. মামুনুর রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, দর্শনা বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠক, সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও কর্মমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। তরুণদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সভায় সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও যুব সংগঠকেরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষপর্বে যুবকদের মধ্যে যুবঋণের চেক, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মেহেরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, প্রশিক্ষিত যুবকদের মধ্যে ঋণের চেক ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে। এছাড়া যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও কার্যক্রম প্রদর্শনের জন্য তিন দিনব্যাপী যুব মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্থান পেয়েছে ১৫টি স্টল।
গতকাল রবিবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনের সামনে দিয়ে পুনরায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে জাতীয় যুব দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক। র‌্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এস এম ওবায়দুল বাশার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, জেলা মহিলা দলের সভানেত্রী সায়দাতুন্নেছা নয়ন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।
পরে দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। তিনি বলেন, বর্তমান যুগ প্রযুক্তির যুগ। প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজের পাশাপাশি দেশের উন্নয়নেও ভূমিকা রাখতে হবে। ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোন নিয়ে বসে থাকলে চলবে না। প্রযুক্তির অপব্যবহারের ফলে সমাজে দিন দিন সামাজিক অবক্ষয় বাড়তে পারে। জেলা প্রশাসক আরও বলেন, সমাজে নানা ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের পথ নিজেদেরই খুঁজে বের করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এসব প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে যুবকদের আত্মনির্ভরশীল হতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে হবে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম ওবায়দুল বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আসাদুজ্জামান। আলোচনা সভার শেষ পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়া যুবকদের মধ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সফল যুবকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এদিকে, যুব দিবসের কর্মসূচির অংশ হিসেবে দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম ওবায়দুল বাশার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আসাদুজ্জামান ও আমিনুল ইসলাম।
একই দিন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এ সময় পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অপরদিকে, জাতীয় যুব দিবস উপলক্ষে বিকেলে মেহেরপুর শহরের শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে তিন দিনব্যাপী যুব মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত পণ্য ও উদ্যোক্তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিন দিনব্যাপী এ মেলায় মোট ১৫টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে যুব উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য ও তাদের পরিচালিত কার্যক্রম প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে স্থানীয়ভাবে গড়ে ওঠা তরুণ উদ্যোক্তাদের উদ্যোগ, উৎপাদিত পণ্য ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি তাঁদের কাজের পরিচিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম ওবায়দুল বাশার এবং অধিদপ্তরের প্রশিক্ষক আসাদুজ্জামান ও আমিনুল ইসলামসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ