মুন্সিগঞ্জ প্রতিনিধি:
আলমডাঙ্গায় হাঁস-মুরগি ও পানির মোটর চুরির অভিযোগে তুহিন (১৮) ও বিদ্যুৎ নামের দুই তরুণকে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। পরে স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের মধ্যস্থতায় ওই তরুণকে ক্ষমা করে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। তুহিন ওই গ্রামের পয়সা মিয়ার ছেলে ও বিদ্যুৎ একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তুহিন ও বিদ্যুতের বিরুদ্ধে এর আগেও এলাকায় ছোটখাটো চুরির অভিযোগ ছিল। বিভিন্ন সময় প্রতিবেশীদের হাঁস-মুরগি ও চাষাবাদের কাজে ব্যবহৃত পানির মোটর চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন চুরির অভিযোগে তুহিন ও বিদ্যুতকে হাতেনাতে আটক করেন গ্রামবাসী। পরে ক্ষুব্ধ কয়েকজন তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে এলাকার বয়োজ্যেষ্ঠ ও মাতব্বরেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। স্থানীয়দের ভাষ্য, তুহিন ও বিদ্যুত নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর কোনো চুরির সঙ্গে জড়িত না থাকার প্রতিশ্রুতি দেন। তাদের পরিবারের পক্ষ থেকেও একই ধরনের আশ্বাস দেয়া হয়। পরে স্থানীয়রা তাদের ক্ষমা করে ছেড়ে দেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কী-না, তা নিশ্চিত হওয়া যায়নি।


