আন্দুলবাড়িয়া প্রতিনিধি:
জীবননগরে পুলিশ পরিচয়ে এক সবজি ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া-হাসাদাহ সড়কের বিদ্যাধরপুর আমতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আব্দুল হান্নান ওরফে হেনা (৪০) নামের ওই ব্যবসায়ী। অভিযোগকারী আব্দুল হান্নান আন্দুলবাড়িয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে। তার দাবি, হেলমেট পরা এক যুবক কালো রঙের পালসার মোটরসাইকেলে এসে তার পথরোধ করেন। পরে নিজেকে শাহাপুর ক্যাম্পের পুলিশ সদস্য পরিচয় দিয়ে শরীর তল্লাশি করেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়ে পকেট থেকে ২ হাজার ৭৪০ টাকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান ওই ব্যক্তি।
আব্দুল হান্নান বলেন, বুধবার সকালে রায়পুর ইউনিয়নের বাড়ান্দি গ্রামে জাবুরা লেবু কিনতে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হন তিনি। তার বাইসাইকেলের পেছনে নেটের বস্তা ছিল, যাতে লেবু ভরার কথা ছিল। আন্দুলবাড়িয়া-হাসাদাহ সড়কের বিদ্যাধরপুর আমতলায় পৌঁছালে পেছন থেকে কালো রঙের পালসার মোটরসাইকেলে আসা এক যুবক তাকে দাঁড়াতে বলেন। হেনার ভাষ্য, ওই যুবক তাকে বলেন, একটু দাঁড়ান, আপনার সঙ্গে দুটি কথা বলব। এরপর তিনি তার শরীর তল্লাশি শুরু করেন। তল্লাশির কারণ জানতে চাইলে ওই ব্যক্তি নিজেকে শাহাপুর ক্যাম্পের লোক বলে পরিচয় দেন। আব্দুল হান্নান বলেন, ওই ব্যক্তি তার শরীর ও কোমরের কাছে তল্লাশি করে কিছু না পেয়ে পকেট ভারী লাগছে বলে জানতে চান সেখানে কী আছে। জবাবে তিনি পকেটে সিগারেট ও কিছু টাকা থাকার কথা জানান। এরপর কত টাকা আছে, তা দেখতে চান ওই ব্যক্তি। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়া হয়। এ সময় তার পা কেটে যায়। পরে পকেট থেকে ২ হাজার ৭৪০ টাকা নিয়ে মোটরসাইকেলে করে ওই ব্যক্তি দ্রুত চলে যান। আব্দুল হান্নান বলেন, টাকা হারিয়ে যাওয়ায় আর লেবু কেনা হয়নি। আহত অবস্থায় তিনি বাড়িতে ফিরে আসেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত কী-না, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে শাহাপুর ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। আপনার মাধ্যমে ঘটনাটি জানতে পারলাম। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


