জীবননগর অফিস:
জীবননগরে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে আলমাছ আনান (১৮) নামের এক কলেজছাত্রকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে শামীম রেজা (৩৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গালিগালাজের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ওই কলেজছাত্রের বড় ভাই জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্ত শামীম রেজা জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের সাদের আলীর ছেলে। আর অভিযোগকারী আলমাছ আনান জীবননগর ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তিনি জীবননগর পৌরসভার পোস্ট অফিসপাড়ার বাসিন্দা বক্তিয়ার তৌহিদের ছেলে।
থানায় করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর আলমাছ আনান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে সেদিন বিকেলে ‘বিলিয়ন’ অ্যাপ ব্যবহার করে আলমাছের মুঠোফোনে কল করেন শামীম রেজা। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই মারধর করার হুমকি দেয়া হয় বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর বিষয়টি পরিবারের সদস্যদের জানান আলমাছ। পরে পরিবারের সঙ্গে আলোচনা করে তার বড় ভাই ইয়ামিন আবির জীবননগর থানায় সাধারণ ডায়েরি করেন।
ইয়ামিন আবির বলেন, ফেসবুকে একটি পোস্ট দেয়াকে কেন্দ্র করে তার ছোট ভাইকে ফোন করে গালিগালাজ ও হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
এদিকে, অভিযুক্ত শামীম রেজার কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। কলেজছাত্রের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। একই সঙ্গে তারা অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।


