ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় মেসের রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কাউসার হরিনাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা ও ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত লিখন নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক লিখন বাড়িবাথান মাদরাসার দশম শ্রেণির ছাত্র। তিনি সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা।
লিখন ও কাউসার শহরের মহিলা কলেজপাড়ায় একটি মেসে থাকতেন। সন্ধ্যায় মেসের বাজার করা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে কাউসার আলী তার রুমমেট লিখনকে থাপ্পড় দেন। এতে ক্ষিপ্ত হয়ে লিখন পাশে থাকা একটি ছুরি দিয়ে কাউসারের পিঠে আঘাত করেন। এসময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনায় লিখনও আঘাতপ্রাপ্ত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আটক লিখন ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।


