ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় বাস ও খড়িবোঝাই লাটাহাম্বারের (মালামাল পরিবহনের মোরচালিত যান) সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বড়দাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি বাস রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি খড়িবোঝাই লাটাহাম্বারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শী তানভীর হাসান বলেন, আমি আমার দোকানে অবস্থান করছিলাম। এ সময় দ্রুতগতির একটি খড়িবোঝাই লাটাহাম্বার একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হন। স্থানীয় পল্লী চিকিৎসক আসাদুজ্জামান বলেন, আহত অবস্থায় অনেকে আমার দোকানে এসেছিলেন। অধিকাংশ যাত্রীর মুখ ও নাকে গুরুতর জখম ছিল। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার দোকানে প্রায় ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহানুর আলী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


