দর্শনা অফিস:
দর্শনায় আকুন্দবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজে টিফিনের সময় বজ্রপাতে সপ্তম শ্রেণির কয়েকজন ছাত্রী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত এক ছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আকুন্দবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দর্শনা এলাকায় হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তখন বিদ্যালয়ে টিফিন চলছিল। এর মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে সপ্তম শ্রেণির কয়েকজন ছাত্রী আহত হয়। আহত শিক্ষার্থীদের মধ্যে জুলেখা (১৩), আনিছা (১৩), লাইলা (১৩), হ্যাপী ও এ্যানী (১২) নামের ছাত্রীদের কথা জানান অধ্যক্ষ। তবে তিনি আহত শিক্ষার্থীর সংখ্যা চারজন বলে উল্লেখ করেছেন।
বজ্রপাতের পর বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক ও সহপাঠীরা দ্রুত আহত শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে দর্শনা পুলিশ আহত শিক্ষার্থীদের দর্শনা পুরাতন বাজারের তরফদার ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা একজন ছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।


