দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় ইট কেনার কথা বলে ইটভাটায় এসে এক কর্মচারীর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। গতকাল রবিবার দুপুরে উপজেলার চিৎলা গ্রামের দেশ ইটভাটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাটার কর্মচারী বাপ্পি হোসেন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুর দুইটার দিকে বাপ্পি হোসেন ইটভাটায় কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি সেখানে এসে চার গাড়ি ইট কেনার কথা বলেন। পরে ইটের দাম নির্ধারণ করে তাদের একজন ‘সোহেল রানা’ নামে ভাউচার কাটান। একটি গাড়িতে ইট তুলে তা জুড়ানপুর স্কুল মাঠসংলগ্ন এক ব্যক্তির বাড়িতে পৌঁছে দেয়া হয়। এরপর দ্বিতীয় গাড়িতে ইট তোলার সময় ওই দুই ব্যক্তির একজন দাবি করেন, তাদের মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে। নিকটস্থ বাজার থেকে তেল কিনে আনার জন্য বাপ্পির মোটরসাইকেলটি কিছুক্ষণের জন্য চান তিনি। তার কথায় বিশ্বাস করে বাপ্পি মোটরসাইকেলের চাবি তার হাতে দেন। অভিযোগে বলা হয়েছে, মোটরসাইকেলটি নিয়ে ওই ব্যক্তি বাজারের দিকে চলে যাওয়ার পর ভাটার লোকজন কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে তার সঙ্গে থাকা অপর ব্যক্তি তাদের ব্যবহৃত গাড়িটি নিয়ে দ্রুত ভাটা থেকে চলে যান। এরপর মোটরসাইকেল নিয়ে যাওয়া ব্যক্তিও আর ফিরে আসেননি। চুরি যাওয়া মোটরসাইকেলটি লাল রঙের হিরো হোন্ডা স্প্রিন্ডার প্লাস ১০০ সিসি। এর রেজিস্ট্রেশন নম্বর যশোর-হ-১৩-২৯২৩। অভিযোগে মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


