দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশনপাড়ায় গাঁজা সেবনের অভিযোগে মানিক (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে স্থানীয় লোকজন প্রথমে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে একদল লোক তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আবার আটক করে। আটক মানিক জয়রামপুর স্টেশনপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার মাদার আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে জয়রামপুর স্টেশনপাড়ায় মানিককে গাঁজা সেবনের অভিযোগে স্থানীয় লোকজন আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করার উদ্যোগ নেয়া হয়। এ সময় আরেকদল স্থানীয় লোকজন এসে তাঁকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিহাবুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে অভিযান চালিয়ে মানিককে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে এক পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার এসআই সিয়াবুল ইসলাম বলেন, জয়রামপুর স্টেশনপাড়ার স্থানীয় লোকজন মাদক সেবনের অভিযোগে মানিককে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


