দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচারে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে উপজেলার ছুটিপুর গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আরিফুল ইসলাম ছুটিপুর গ্রামের স্কুলপাড়ার আবুল হোসেন ওরফে হেবার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ছুটিপুর সরকারি কবরস্থানের দক্ষিণ পাশে আজিজ মাস্টারের বাঁশবাগানে অভিযান চালায় দামুড়হুদা মডেল থানার ভগীরথপুর পুলিশ ক্যাম্পের একটি দল। এসআই মানজেরুল হাসানের নেতৃত্বে পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে আটক করেন। পরে তার লুঙ্গির ডান কোচর থেকে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। দামুড়হুদা মডেল থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ওই রাতেই আরিফুল ইসলামকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দামুড়হুদা মডেল থানা-পুলিশ জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছে পুলিশ।


