দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় মাদক ও চুরি মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় মাদক, অবৈধ অস্ত্র ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রথম অভিযানে দামুড়হুদা থানার জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন জয়রামপুর মল্লিকপাড়ার মৃত ছপুর মন্ডলের ছেলে রমজান আলী (৩৫) এবং একই গ্রামের ডাক্তারপাড়ার ইসমাইলের ছেলে সাদ্দাম হোসেন (৩০)। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় ৮ আগস্ট দায়ের করা মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তদন্ত চলছিল। তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলায় আবিদ হাসান (২০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দর্শনা থানার ফুলবাড়ি গ্রামের আজিজুর রহমানের ছেলে। আবিদ হাসানের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় ২৮ আগস্ট দায়ের করা মামলায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় তদন্ত চলছিল। ওই মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিন আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দামুড়হুদা মডেল থানা।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন বলেন, জেলাকে মাদকমুক্ত রাখতে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা, অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাকারবারি নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।


