দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলার শিবনগর ডিসি ইকো পার্কের গাছ নিলামে বিক্রির উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে এসেছে উপজেলা প্রশাসন। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে কম দর ওঠায় নিলাম প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পার্কের ভেতরে এ নিলাম অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ দর ওঠে ১ লাখ ২০ হাজার টাকা। তবে সরকারি নির্ধারিত মূল্য না ওঠায় গাছ বিক্রির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। নিলামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন কাঠ ব্যবসায়ী গাছ কেনার জন্য অংশ নেন। দীর্ঘদিনের প্রস্তুতি ও প্রচার-প্রচারণার পর নিলাম অনুষ্ঠিত হলেও কাক্সিক্ষত দর না পাওয়ায় শেষ পর্যন্ত তা স্থগিত রাখতে হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একই পার্কের ২৯টি গাছ ২ লাখ ৭০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছিল। তবে গাছ কাটার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে সংশ্লিষ্ট ক্রেতা কাঠ ব্যবসায়ীর বিরুদ্ধে। পরে উপজেলা প্রশাসন ওই ক্রেতার জামানত বাজেয়াপ্ত করে। এরপর পুনরায় গাছ বিক্রির উদ্যোগ নেয়া হয়। এ লক্ষ্যে নতুন করে নিলামের আয়োজন করে উপজেলা প্রশাসন। নিলামে অংশগ্রহণের জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার চালানো হয়। নির্ধারিত সময়ে কাঠ ব্যবসায়ীরা পার্কে উপস্থিত হয়ে দরপ্রস্তাব দেন। কিন্তু সর্বোচ্চ দর সরকারি নির্ধারিত মূল্যের নিচে থাকায় গাছ বিক্রির প্রক্রিয়া আর এগোয়নি। নিলামের সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিমসহ বিভিন্ন এলাকার কাঠ ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, ডিসি ইকো পার্কের গাছ নিলামে কেনার জন্য অনেকেই অংশ নিয়েছিলেন। তবে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে কম দর ওঠায় আপাতত নিলাম স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।


